লেবাননের দক্ষিণাঞ্চলে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের বিমান হামলায় চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান সংঘাত শুরুর পর থেকে লেবাননজুড়ে এখন পর্যন্ত মোট ৭৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০৩ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন এক হাজার ৯০০ জনের বেশি মানুষ।
কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ হামলাটি দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থিত বুর্জ কালাওইয়াহ হেলথ কেয়ার সেন্টারে আঘাত হানে। এতে নিহত ১২ জনের মধ্যে চিকিৎসক, নার্স এবং জরুরি সেবাকর্মী (প্যারামেডিক) ছিলেন।
তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান চলছে।
একজন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক বিমান হামলা অত্যন্ত প্রাণঘাতী হয়ে উঠেছে। দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুতেও ধারাবাহিকভাবে বিমান হামলার ঘটনা ঘটছে।
সূত্র: আল জাজিরা।





